ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মামুনুল হকের শ্বশুরকে ঢাকায় আনছে ডিবি পুলিশ

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার বাবা মো. ওলিয়ার রহমানকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। ঢাকা হতে আসা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের একটি বিশেষ দল রোববার (২৫ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা থানা হতে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন বলে নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ওসি ওয়াহিদুজ্জামান।


এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে ওলিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আলফাডাঙ্গা থানায় নিয়ে আসা হয়।


মো. ওলিয়ার রহমান একজন সাবেক সেনা সদস্য। তিনি আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।


৮ ছেলেমেয়ের মধ্যে জান্নাত আরা ঝর্ণা তার মেঝো মেয়ে। ঢাকার সোনারগাঁ রিসোর্টকাণ্ডের পর ২১ এপ্রিল ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক সভায় তাকে দল হতে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।


জান্নাত আরা ঝর্ণার মা শিরিনা বেগম বলেন, রাতে ওসি এসে তার স্বামীকে নিয়ে যান। সাংবাদিকরা জানতে চাইলে সেসময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান ওসি। পরের দিন রোববার অবশ্য ওলিয়ার রহমানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন তিনি।


আলফাডাঙ্গা থানার ওসি ওয়াহিদুজ্জামান ওলিয়ার রহমানকে নিয়ে ডিএমপির ডিবি পুলিশের ওই বিশেষ দলের ঢাকা রওনা হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও এব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানেন না বলে জানান।


ওয়াহিদুজ্জামান জানান, তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে আনা হয়। এরপর তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশানুযায়ী ঢাকা হতে আসা ডিএমপির ডিবি পুলিশের বিশেষ দলের কাছে হস্তান্তর করা হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑